জন্মের সময়ে হাসপাতালে হয়ে গিয়েছিলেন অদলবদল, বড় হয়ে তারাই হলেন জীবনসঙ্গী

যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা জিম মিচেল আর মার্গারেট মিচেল বিশ্বাস করেন, ভাগ্যের জোরেই একে অন্যকে খুঁজে পেয়েছেন তারা। যারা তাদের গল্প শুনেছেন, তারা খুব একটা অস্বীকারও করতে পারবেন না এই দাবি। কারণ তাদের জন্ম একই হাসপাতালে। শুধু তা-ই নয়, হাসপাতালেই কর্মীদের ভুলে জন্মের পরই অদলবদল হয়ে গিয়েছিলেন তারা। পরে সেই ভুল শুধরে আসল মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় তাদের।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন তারা। চলতি সপ্তাহে তাদের দাম্পত্যের ৫০ বছর পূর্ণ হল।
লেনক্সটাউনের একটি হাসপাতালে ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় তাদের। দু’জনের মায়ের নামই ছিল মার্গারেট। জন্মের পর সেটাই গুলিয়ে ফেলেছিলেন নার্সরা। ভুল করে অন্যের অদলবদল করে ফেলেন তারা। ভুল বুঝতে পেরে দুই খুদেকে ফিরিয়ে দেওয়া হয় নিজের নিজের মায়ের কাছে। দু’জনের মায়ের আলাপও হয় সেখানে। জানা যায়, গ্লাসগোর দক্ষিণে মাত্র আধ ঘণ্টা দূরে বসবাস তাদের।
দম্পতি জানিয়েছেন ১৮ বছর বয়স পর্যন্ত আর কথাবার্তা হয়নি তাদের মধ্যে। কিন্তু ঠিক ১৮ বছরের মাথায় এক বন্ধুর বিয়েতে ফের দেখা হয় তাদের। প্রথম দেখাতেই মনে ধরে একে অন্যকে। মাস দুয়েকের আলাপচারিতার পর নিজেদের পরিবারের আলাপ করিয়ে দেওয়ার কথা ভাবেন দু’জনে। দুই পরিবার ফের একসঙ্গে আসতেই চমকে ওঠেন দু’জনের মা। উঠে আসে হাসপাতালের ঘটনাও। ১৯৭২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দুই পুত্রসন্তান রয়েছে তাদের। নাতি-নাতনি ও পুত্রদের সঙ্গে ৫০তম বিবাহবার্ষিকী পালন করলেন তারা।
সূত্র: বিবিসি,