‘শুভ মহালয়া’ নাকি শুধুই ‘মহালয়া’? সামাজিক মাধ্যমে বিতর্কের আসল কারণ কী? জেনেনিন বিস্তারিত

প্রতি বছর মহালয়ার দিন সামাজিক মাধ্যমে একটি বিতর্ক শুরু হয়— মহালয়া কি ‘শুভ’ নাকি ‘অশুভ’? এক দল মানুষ ‘শুভ মহালয়া’ লিখে শুভেচ্ছা জানান, আবার অন্য দল এর বিরোধিতা করেন। কিন্তু এই বিতর্কের পেছনের আসল কারণ কী?
মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। এই দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ করা হয়। যেহেতু এটি একটি শ্রাদ্ধানুষ্ঠান, তাই অনেকেই এই দিনটিকে শোকের দিন হিসেবে মনে করেন এবং ‘শুভ’ বলতে রাজি হন না।
তবে আরেক দলের মতে, মহালয়া মানেই দেবীপক্ষের আগমন। এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে আসেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটে। ‘মহালয়া’ শব্দের অর্থ ‘মহান আলয়’ বা মহান আশ্রয়, যা স্বয়ং দেবী দুর্গাকেই বোঝায়। তাই শুভশক্তির আগমন এবং অশুভের বিনাশের কারণে এই দিনটিকে অশুভ বলা যায় না।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়াকে ‘শুভ’ বা ‘অশুভ’ বলার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যারা ‘শুভ মহালয়া’ লেখেন, তারা দেবীপক্ষের সূচনা ও শুভশক্তির আগমনকে উদযাপন করেন। অন্যদিকে, যারা শুধু ‘মহালয়া’ লেখেন, তারা পিতৃপুরুষদের প্রতি সম্মান জানানোর মাধ্যমে দিনটির গুরুত্ব বোঝাতে চান। তবে ‘হ্যাপি’ মহালয়া না বলাই ভালো, কারণ এটি একটি ধর্মীয় দিন, উৎসব নয়।