বদলে যাচ্ছে জিএসটির নিয়ম! সোমবার থেকে কমছে দাম, কেনাকাটার আগে কী কী জানা জরুরি?

আগামী সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হতে চলেছে দ্বিতীয় প্রজন্মের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি। নতুন এই নিয়মের ফলে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে, যা সাধারণ মানুষের জন্য পুজোর মুখে এক বড় স্বস্তির খবর। ইতিমধ্যে মারুতি এবং মাদার ডেয়ারি-এর মতো বড় সংস্থাগুলো দাম কমানোর কথা ঘোষণা করেছে।

পরিবর্তন আসছে জিএসটির স্তরে
২২ সেপ্টেম্বর থেকে জিএসটির পুরোনো ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের স্তরগুলো অবলুপ্ত করা হচ্ছে। এর পরিবর্তে মাত্র দুটি স্তর থাকবে— ৫% এবং ১৮%। অতিরিক্ত বিলাস সামগ্রীর জন্য জিএসটি হবে ৪০%। তামাক ও তামাকজাত পণ্যে ২৮% জিএসটির সঙ্গে সেস যুক্ত থাকবে। উপভোক্তা বিষয়ক দফতর কোম্পানিগুলোকে নতুন দামের লেবেল লাগানোর নির্দেশ দিয়েছে, যেখানে পুরোনো দামও উল্লেখ থাকবে। তাই জিনিস কেনার সময় প্যাকেটের গায়ে দুটি দামই দেখে নেওয়া জরুরি।

কোন কোন জিনিসের দাম কমছে?
নতুন জিএসটি নিয়মের ফলে বেশ কিছু পণ্যের দামে পরিবর্তন আসছে।

দাম কমছে:

লিখার সামগ্রী: বলপয়েন্ট পেন, ফাউন্টেন পেন, মার্কার এখন ১৮% জিএসটির আওতায় আসছে।

স্কুল সামগ্রী: স্কুল ব্যাগ, ছোট থলি, স্যুটকেস, বাদ্যযন্ত্র ও ভ্রমণের ব্যাগ ১৮% জিএসটি-তে থাকবে।

স্বাস্থ্য পণ্য: ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমায় সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, গ্লুকোমিটার এবং চশমা ৫% জিএসটি-র আওতায় আসবে।

দুগ্ধজাত পণ্য: মাখন, ঘি, চিজ ও ডেয়ারি স্প্রেড ৫% জিএসটি-তে থাকবে।

কৃষিজ সামগ্রী: ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ, নির্দিষ্ট জৈব কীটনাশক, সার, ড্রিপ সেচ ও জল ছেটানোর যন্ত্রের জিএসটি ১২% থেকে কমে ৫% হচ্ছে।

শিক্ষা সামগ্রী: মানচিত্র, চার্ট ও গ্লোবসে কোনো জিএসটি লাগবে না।

গৃহস্থালি সামগ্রী: ডিটারজেন্ট, শ্যাম্পু, পেস্ট, সাবান, টুথ ব্রাশ, শেভিং ক্রিম-এর মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ৫% থেকে ১৮% এর আওতায় আনা হয়েছে। ডিশ ওয়াশিং মেশিন ২৮% থেকে ১৮% করা হয়েছে।

দাম বাড়ছে:

বই ও বই ছাপার কাগজের ওপর জিএসটি থাকায় বইয়ের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সব মিলিয়ে, পুজোর কেনাকাটার আগে নতুন দামের তালিকাটি যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।