কুড়মিদের রেল অবরোধ রুখতে প্রস্তুত রেল! কোন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল?

আগামী ২৫ সেপ্টেম্বর কুড়মি সম্প্রদায়ের ডাকা রেল অবরোধ কর্মসূচি ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল (SER)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেল প্রশাসন, রাজ্য প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য দক্ষিণ-পূর্ব রেলের আইজি-কাম-প্রধান নিরাপত্তা কমিশনার পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব, পুলিশ ডিজি এবং রেলওয়ে পুলিশের ডিজি-কে চিঠি লিখেছেন। এ বিষয়ে ঝাড়খণ্ডের ডিজি-র সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন ৫২টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) এবং GRP (সরকারি রেলওয়ে পুলিশ) মোতায়েন বাড়ানো হয়েছে।

যেকোনো ধরনের অবরোধ বা নাশকতা রুখতে কুইক রেসপন্স টিম (QRTs) গঠন করা হয়েছে।

অবরোধ হতে পারে এমন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় সেল তৈরি করা হয়েছে, যাতে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে আগাম সতর্কবার্তা পাওয়া যায়।

বিভাগীয় সদর দফতরে ২৪ ঘণ্টা নজরদারির জন্য একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের সচেতন করতে গণমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে প্রচার চালানো হচ্ছে, যাতে তারা বেআইনি কার্যকলাপে যুক্ত না হয়।

আদিবাসী কুড়মি সমাজের জমা দেওয়া স্মারকলিপির জবাবে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ একটি চিঠি লিখেছে। সেই চিঠিতে তাদের জানানো হয়েছে যে, প্রস্তাবিত রেল অবরোধের কারণে কী কী নেতিবাচক পরিণতি হতে পারে। প্রতিটি বিভাগের নিরাপত্তা শাখা কুড়মি সমাজকে স্পষ্ট জানিয়েছে, যদি তারা রেল অবরোধ করে, তাহলে রেলওয়ে সুরক্ষা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গ্রেফতার এবং মামলা দায়ের-সহ আইনানুগ ব্যবস্থা নেবে।