অসম রাইফেলস কনভয়ে জঙ্গি হামলা, নিহত ২ জওয়ান, গুরুতর আহত ৪, মণিপুরে কী ঘটেছে

মণিপুরের বিষ্ণুপুর জেলায় অসম রাইফেলসের একটি কনভয়ে অতর্কিত জঙ্গি হামলায় দুই জওয়ান নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মণিপুর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুরের নাম্বোল সাবাল লেইকাইয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ৩৩ নম্বর অসম রাইফেলসের একটি গাড়ি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। বিকেল ৫.৫০ মিনিট নাগাদ একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী তাদের উপর হামলা চালায়। হামলার পর আহত জওয়ানদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

হামলায় ‘মেইতেই জঙ্গিরা’ জড়িত?
সূত্রের খবর অনুযায়ী, এই হামলার পেছনে ‘মেইতেই জঙ্গিরা’ জড়িত থাকতে পারে। ঘটনার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “নাম্বোল সাবাল লেইকাইতে আমাদের অসম রাইফেলসের ৩৩ নম্বর ব্যাটালিয়নের সাহসী কর্মীদের ওপর হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। দুই জওয়ানের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়া আমাদের সকলের জন্য একটি নিষ্ঠুর আঘাত।”

এই ধরনের হামলার ঘটনায় পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।