“আর পড়তেই চাই না…”-কসবার সেই ল’কলেজ ছেড়ে যেতে চান নির্যাতিতা ছাত্রী

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ল’কলেজের ক্যাম্পাসে গণধর্ষণের শিকার হওয়া এক ছাত্রী আর ওই কলেজে পড়তে চাইছেন না। তিনি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে কলেজ পরিবর্তনের আবেদন করেছেন। তার পরিবারের মতে, সেই কলেজে ফিরে গেলে তার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে আপত্তি জানায়নি, তবে কলকাতা বিশ্ববিদ্যালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, তার মেয়ে সহপাঠীদের আচরণের বিষয়ে উদ্বিগ্ন এবং সে আত্মবিশ্বাসী নয়। তাই তারা চাইছেন, মেয়ে অন্য কোনো সরকারি আইন কলেজ থেকে তার পড়াশোনা শেষ করুক। বিশেষত হাজরা ল কলেজে বদলি হতে ইচ্ছুক এই ছাত্রী। এই কলেজের এক সহপাঠী জানান, ঘটনার পর থেকে তিনি নিজেকে ক্লাসরুমের মধ্যে আবদ্ধ রেখেছেন এবং কারও সঙ্গে বিশেষ কথা বলছেন না।

এদিকে, এই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত কলেজের দেওয়ালে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর নাম লেখা রয়েছে, যা নির্যাতিতা এবং তার সহপাঠীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। যদিও কলেজ পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন, পুজোর ছুটির পর ওই লেখা মুছে ফেলা হবে। এছাড়াও কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় পদত্যাগ করতে চাইলেও, তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।