“হিন্ডেনবার্গের সব অভিযোগ খারিজ”-SEBI-র ক্লিনচিট পেয়ে বিশেষ বার্তা আদানির

মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বড় স্বস্তি পেল আদানি গ্রুপ। ভারতের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আদানি গ্রুপকে ‘ক্লিন চিট’ দিয়েছে। সেবি জানিয়েছে, স্টক কারসাজি এবং অ্যাকাউন্টে প্রতারণার মতো গুরুতর অভিযোগগুলির কোনও প্রমাণ পাওয়া যায়নি, যার ফলে আদানি গ্রুপ এই মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

২০২৩ সালের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অভিযোগ করা হয়েছিল, আদানি গ্রুপ শেয়ারের মূল্যস্ফীতি ঘটিয়েছে, তহবিলের অপব্যবহার করেছে এবং আর্থিক জালিয়াতি করেছে। এই অভিযোগে আদানি পাওয়ার, আদানি পোর্টস এবং অ্যাডিকর্প-এর মতো কোম্পানিগুলির বিরুদ্ধে অভ্যন্তরীণ লেনদেন এবং নিয়মবহির্ভূত ঋণ দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

সেবির এই সিদ্ধান্তের পর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এক্স হ্যান্ডেলে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সেবি নিশ্চিত করেছে যে হিন্ডেনবার্গের সমস্ত দাবি ভিত্তিহীন ছিল। স্বচ্ছতা এবং সততা আদানি গ্রুপের বৈশিষ্ট্য। হিন্ডেনবার্গের মিথ্যা অভিযোগের কারণে যারা টাকা খুইয়েছেন, তাদের যন্ত্রণা আমরা বুঝি। আমরা ভারতের প্রতিষ্ঠান, জনগণ এবং জাতি গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ।” এই রায়ের পর আদানির গ্রুপ অফ কোম্পানিগুলির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।