সাধারণ নাগরিকদের বাঁচাতে গভীর রাতে হামলা! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় তথ্য ফাঁস করলেন জেনারেল অনিল চৌহান

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় বাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান পরিচালনা করে। গত ৭ মে গভীর রাতে এই হামলা চালানো হয়েছিল। এবার সেই হামলার নেপথ্যের কারণ জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
ঝাড়খণ্ডের রাঁচিতে এক স্কুল শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য রাখার সময় জেনারেল চৌহান জানান, এই অভিযানের মূল কারণ ছিল সাধারণ নাগরিকদের প্রাণহানি এড়ানো এবং অন্ধকারেও ছবি তোলার সামরিক সক্ষমতা প্রদর্শন।
জেনারেল অনিল চৌহান বলেন, “আগে আমরা বালাকোট অভিযান করেছিলাম, কিন্তু তখন আমাদের কাছে স্যাটেলাইট ছবি বা অন্য কোনো প্রমাণ ছিল না। কিন্তু এখন রাত ১টায় ‘অপারেশন সিঁদুর’ চালালেও আমরা দুটি কারণে এটা করেছি – প্রথমত, ছবি তোলার ক্ষেত্রে আমাদের সক্ষমতার উপর আমাদের বিশ্বাস ছিল, এবং দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষের হতাহত হওয়া এড়াতে চেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “সকাল সাড়ে ৫টা বা ৬টা হামলার জন্য সবচেয়ে ভালো সময় হতে পারত, কিন্তু তখন প্রথম আজান বা নামাজের সময় থাকে। ফলে অনেক সাধারণ মানুষের জীবন চলে যেতে পারত। আমরা তা সম্পূর্ণরূপে এড়াতে চেয়েছিলাম।”
জেনারেল চৌহান আরও বলেন, আধুনিক যুদ্ধ এখন কেবল স্থল, বায়ু এবং সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মহাকাশ, সাইবার, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং এমনকি নলেজ ডোমেনেও প্রসারিত হয়েছে। সাম্প্রতিক এই অভিযানগুলিতে এই পরিবর্তন স্পষ্ট ছিল বলে তিনি উল্লেখ করেন।
‘অপারেশন সিঁদুর’র প্রথম দফায় ৭ মে রাত ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তানে ৯টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ভারতীয় বাহিনী এই নির্ভুল আক্রমণ চালিয়েছিল।