রাহুলের ‘হাইড্রোজেন বোমা’ বিস্ফোরণ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কংগ্রেস নেতার, পাল্টা কটাক্ষ বিজেপির

দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিছুদিন আগে নির্বাচনকে ‘অ্যাটম বোমা’ বলে মন্তব্য করেছিলেন তিনি, এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও ভয়ঙ্কর তথ্য, যা ‘হাইড্রোজেন বোমার সমতুল্য’, পরে সামনে আনবেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের মদতে কিছু ব্যক্তি, সংস্থা এবং কল সেন্টার সংগঠিতভাবে দেশের বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে।

রাহুল তাঁর অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণও দাখিল করেছেন। তাঁর দাবি, একটি নির্দিষ্ট কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, নির্দিষ্ট কিছু মোবাইল নম্বর থেকে কীভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে এবং তাদের কাছে ওটিপি পৌঁছাচ্ছে। তিনি আরও বলেন, নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই আবেদনগুলো করা হচ্ছে।

তবে রাহুলের এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন উভয়ই। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাহুলের মন্তব্যকে ‘অ্যাটেনশন চোরি’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, রাহুল নিজের আগের ভুল থেকে কোনও শিক্ষা নেননি।

অন্যদিকে, নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে খারিজ করে দিয়েছে। কমিশন জানিয়েছে, অনলাইনে কেউ ইচ্ছে করলেই কোনো ভোটারের নাম বাদ দিতে পারে না। যেকোনো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় এবং পুরো প্রক্রিয়াটি আইন মেনে করা হয়।

রাহুল গান্ধী এই ‘ভোট চুরির’ অভিযোগের মাধ্যমে আসলে কী প্রমাণ করতে চাইলেন? এটি কি শুধুই একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে কোনও গভীর সত্য লুকিয়ে আছে, সেই প্রশ্ন এখন সব মহলে ঘুরপাক খাচ্ছে।