‘বহিরাগত তোষণ করছে তৃণমূল’, পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতা সরকারকে তুলোধোনা করল ‘বাংলাপক্ষ’

ভিনরাজ্যে আক্রান্ত বাঙালি শ্রমিকদের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছে ‘বাংলাপক্ষ’। বৃহস্পতিবার এক ফেসবুক লাইভে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তৃণমূল সরকার আসলে বহিরাগতদের তোষণ করে বাংলার স্থানীয় শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিচ্ছে। এর ফলে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমার বদলে আরও বাড়বে বলেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের প্রশাসনিক স্তর থেকে ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হয়। এই পদক্ষেপ রাজ্যের স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানকে বিপন্ন করবে বলে তিনি মনে করেন।
‘বাঙালির প্রতি অবিচার’
গর্গবাবু আরও বলেন, “যাঁরা এতদিন ধরে বাংলার শিল্পাঞ্চলে পরিশ্রম করছেন, তাঁদের কাজের জায়গা এখন বিপন্ন। কারণ মুখ্যমন্ত্রী যাঁদের ফিরিয়ে আনলেন, তাঁদের কাজ দিতে গিয়ে তৃণমূল সরকার আসলে স্থানীয় শ্রমিকদের ছাঁটাইয়ের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে স্থানীয় শ্রমজীবীরা যেমন কাজ হারাবেন, তেমনই কাজের খোঁজে তাঁদেরও ভিন রাজ্যে যেতে হবে।”
বাংলাপক্ষের প্রশ্ন, রাজ্যের শিল্পাঞ্চলগুলিতে কেন স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না? গর্গবাবুর অভিযোগ, এসব ক্ষেত্রে তৃণমূলের ‘বহিরাগত তোষণ নীতি’ কাজ করছে। তিনি প্রশ্ন তোলেন, “এই রাজ্যের সম্পদ, এই রাজ্যের প্রকল্প, অথচ কাজ পাচ্ছেন বাইরে থেকে আসা লোকজন— এটা কি বাংলার প্রতি অবিচার নয়?”
বিগত কয়েক সপ্তাহে বিহার, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকদের উপর হামলার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাংলায় ফিরে আসার আবেদন জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে বাংলাপক্ষের এই অভিযোগ তৃণমূলের জন্য একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।