বিয়েবাড়িতে খাওয়া শেষে ‘চিকেন’ ব্যাগে পুরে নিলেন মহিলা, ভিডিও দেখে হাসির রোল! নেটিজেনরা বললেন…

বিয়েবাড়ি বা যেকোনো বড় অনুষ্ঠানে খাওয়া-দাওয়া, গান-বাজনার পাশাপাশি অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটে, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে এক মহিলার অদ্ভুত আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে খেতে বসেছেন এক মহিলা। হঠাৎই তিনি নিজের প্লেট থেকে একটি চিকেন লেগ পিস টিস্যু পেপারে মুড়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাখছেন। এই দৃশ্যটি গোপনে ক্যামেরায় ধারণ করে অনলাইনে শেয়ার করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে দেখছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “পার্সের সঠিক ব্যবহার একেই বলে।” আরেকজন রসিকতা করে বলেছেন, “এতদিনে বুঝলাম, পার্সে শুধু মেকআপের জিনিস নয়, আপৎকালীন খাবারও থাকে।”

তবে সবাই যে এটিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, তা নয়। অনেক ব্যবহারকারী মহিলার পক্ষে দাঁড়িয়েছেন। তাদের মতে, তিনি হয়তো খাবার নষ্ট করতে চাননি। একজন মন্তব্য করেছেন, “হয়তো বাড়ির পোষা প্রাণীর জন্য নিয়ে যাচ্ছেন! এটা তো খুব ভালো উদ্যোগ।” অন্য একজন নেটিজেন লিখেছেন, “আমি নিশ্চিত এটা কোনো কুকুরের জন্যই। নিজের প্লেট থেকে একটু খাবার সরালে এমন ভিডিও করার কী আছে! এটা তো পোষ্যের প্রতি তাঁর ভালোবাসা ছাড়া আর কিছুই নয়।”

একজন ব্যবহারকারী এই ঘটনাটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে প্রশ্ন তুলেছেন, “উনি খাবার নষ্ট করেননি… এতে তো খুশি হওয়া উচিত… কেন ‘ধরা পড়া’র মতো শব্দ ব্যবহার করা হচ্ছে? খাবার নষ্ট করলে আপনাদের জন্য ঠিক ছিল, আর উনি খাবার বাঁচিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিলেন, সেটা কি অন্যায়?”

এই ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে— মহিলার এই কাজকে কি খাবারের অপচয় রোধ বলা হবে, নাকি চুরি? বিতর্ক চলছে, চলবে।