টাকা কেড়ে নিতে না পেরে হাত বেঁধে স্ত্রীকে বেল্ট দিয়ে মার স্বামীর! অন্ধ্রের ঘটনায় শিউরে উঠছে দেশ

আইন এবং সচেতনতামূলক প্রচারের পরেও যে গার্হস্থ্য হিংসার ঘটনা কমছে না, তার আরও একটি মর্মান্তিক উদাহরণ সামনে এলো। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় এক স্বামী তার স্ত্রীর হাত বেঁধে বেল্ট দিয়ে অকথ্য নির্যাতন করেছেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গুরুনাথন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে মাটিতে ফেলে বেল্ট ও লাথি দিয়ে বেধড়ক মারছেন। মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন এবং ছটফট করছেন, কিন্তু তাতেও গুরুনাথনের পাশবিকতা থামছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারধরের সময় গুরুনাথনের চোখেমুখে এক বিকৃত আনন্দ ফুটে উঠেছিল। প্রতিবেশীরা তাকে থামানোর চেষ্টা করলেও তিনি তাদের কথায় কর্ণপাত করেননি।

স্থানীয়দের দাবি, এই অমানবিক অত্যাচারের মূল কারণ হলো টাকা। গুরুনাথন তার স্ত্রীর রোজগারের টাকা কেড়ে নিতে চেয়েছিলেন। স্ত্রী সেই টাকা দিতে অস্বীকার করলেই এই চরম শারীরিক নির্যাতন নেমে আসে।

জানা গিয়েছে, গুরুনাথন এবং ওই মহিলার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওই মহিলা স্থানীয় একটি বেকারিতে কাজ করেন। অন্যদিকে, গুরুনাথন হায়দরাবাদে অন্য এক মহিলার সঙ্গে থাকেন। স্থানীয়দের অভিযোগ, গুরুনাথন প্রায়শই গ্রামে ফিরে তার স্ত্রীর ওপর এমন অকথ্য অত্যাচার চালান। এই ঘটনা সেই হিংসারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।