বিহারের পর এবার বাংলা, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু! কাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। এটি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সংক্রান্ত প্রথম প্রশিক্ষণ।
মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ শুরু করেন রাজ্যের দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের পাশাপাশি আগামী বছরের নির্বাচনের জন্যও প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রথম পর্যায়ে ইআরও, এইআরও, ওসি ইলেকশন এবং এডিএম ইলেকশন আধিকারিকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। সূত্রের খবর, পুজোর আগে অর্থাৎ আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রশিক্ষণ শেষ করা হবে। মনোজ আগরওয়াল ইতিমধ্যেই ভোটার তালিকার ম্যাপিং নিয়ে সমস্ত ইআরও এবং এডিএম-দের সঙ্গে বৈঠক করেছেন, যার পরেই এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি বৃহস্পতিবার এবং শুক্রবার নির্বাচনের সঙ্গে যুক্ত ইআরও-সহ রাজ্যের সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখবেন।
এই প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানান, ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এডিএম এবং ইআরও-দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরেই বুথ পর্যায়ের আধিকারিক অর্থাৎ বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে পৌঁছে SIR-এর কাজ সম্পন্ন করার দায়িত্ব তাদের ওপরই দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে রাজ্যে শেষবার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সম্প্রতি বিহারে SIR প্রক্রিয়া চালু করা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই আবহে বাংলায় কমিশনের এই তৎপরতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়াকিবহাল মহলের ধারণা, কমিশন যে গতিতে কাজ করছে, তাতে লক্ষ্মীপূজোর পরই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে।