পুজোর বোনাস নয়, সরকারি কর্মীদের বেতন এগিয়ে দিল রাজ্য সরকার, জেনে নিন কবে পাবেন বেতন!

আসন্ন দুর্গা পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর নিয়ে এল মমতা সরকার। এবার কেন্দ্রকে টেক্কা দিয়ে কর্মীদের বেতন দেওয়ার দিনক্ষণ এগিয়ে আনা হলো। রাজ্য অর্থ দফতর মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেপ্টেম্বরের বেতন পুজোর ছুটির আগেই কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
কবে পাবেন বেতন ও ভাতা?
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। এর পাশাপাশি গ্র্যান্ট ইন এইড (Grant-in-aid) বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও একই সময়ে দেওয়া হবে। পেনশনভোগীদের জন্য সুখবর হলো, তাঁরা আগামী ১ অক্টোবরের মধ্যেই তাঁদের পেনশন পেয়ে যাবেন।
এই সিদ্ধান্তের কারণ হলো, আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি, যা চলবে ৭ই অক্টোবর পর্যন্ত। সাধারণত, এই সময় বেতন পেতে কর্মীদের অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তে কর্মীরা পুজোর খরচ আগেভাগে মিটিয়ে স্বস্তিতে থাকবেন বলে মনে করা হচ্ছে।
শুধুমাত্র সরকারি কর্মীদের বেতন নয়, বিভিন্ন সরকারি ভাতার টাকাও আগেভাগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (Direct Benefit Transfer) মারফত আগামী ১ অক্টোবরের মধ্যেই জমা হয়ে যাবে। সাধারণত এই টাকা ১০ তারিখের পর আসে। এই কারণে বিভিন্ন দফতরের ডিডিও (DDO) এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ্যাকাউন্টসকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সামনে ভোট থাকায় কেন্দ্রীয় সরকারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আগেভাগে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই আবহেই রাজ্য সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক মহল কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতার একটি অংশ হিসেবে দেখছে। সব মিলিয়ে পুজোর আগে রাজ্য সরকারি কর্মী ও ভাতা প্রাপকদের মধ্যে খুশির আমেজ।