ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ায় বড় পরিবর্তন, এই সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে?

বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে সারা রাজ্যেই চলছে বৃষ্টিপাত। তবে কোথাও হালকা, কোথাও বা ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন স্বস্তি দিলেও, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজ, বুধবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। যদিও বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, তবুও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জন্য আজ এবং আগামীকাল অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং-সহ উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।