পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরেই গণধর্ষণ, শাসকদলের দিকে অভিযোগের আঙুল

সরকারি হাসপাতালেই এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী নারী দাবি করেছেন, রাতের ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে একটি ফাঁকা ঘরে ডেকে তার ওপর নির্যাতন চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু একজন নয়, আরও দুই চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী ওই ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এই ঘটনার পর পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে কোলাঘাট থেকে অভিযুক্ত জাহির আব্বাসকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ‘রিল্যায়েবল সার্ভিস লিমিটেড’-এর ফেসিলিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।

রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, শাসক দলের মদতেই অভিযুক্ত দিনের পর দিন এমন অপকর্ম করে এসেছে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “কেউ দলের নাম নিতেই পারে, তবে দোষী প্রমাণিত হলে সে অবশ্যই শাস্তি পাবে।”