‘জাতি গঠনে সেনার ভূমিকা দৃষ্টান্তমূলক’, কলকাতায় সামরিক সম্মেলনে মোদীর মুখে ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে সম্মিলিত কমান্ডারদের সম্মেলন (CCC২০২৫)-এ যোগ দেন। ‘সংস্কারের বছর – ভবিষ্যতের রূপান্তর’ এই থিমের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, যৌথতা, একীকরণ এবং বহুমাত্রিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

সেনাবাহিনীর প্রশংসা এবং ‘ভিশন ২০৪৭’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সশস্ত্র বাহিনীর দৃষ্টান্তমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি “ভারতীয় সশস্ত্র বাহিনীর ভিশন ২০৪৭” নামক একটি গুরুত্বপূর্ণ নথি উন্মোচন করেন, যা ভবিষ্যতের জন্য প্রস্তুত ভারতীয় সশস্ত্র বাহিনীর রূপরেখা তৈরি করবে।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলকাতা থেকে বিহারে মোদী: একাধিক প্রকল্পের উদ্বোধন

কলকাতা সফর শেষে প্রধানমন্ত্রী মোদী বিহারের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি পূর্ণিয়ায় প্রায় ৩৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এর পাশাপাশি, তিনি বিহার রাজ্যে জাতীয় মখানা বোর্ডেরও উদ্বোধন করেন।

প্রসঙ্গত, গত ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের পাঁচটি রাজ্য সফর করেন। অসমের দরং-এ এক অনুষ্ঠানে তিনি বলেন, তাঁদের ‘ডাবল ইঞ্জিন সরকার’ অসমকে যোগাযোগ এবং স্বাস্থ্যসেবার কেন্দ্রে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। সোমবার বিহার সফর শেষ করে তিনি দিল্লি ফিরে যাবেন।