বিহারের SIR নিয়ে সুপ্রিম রায়ে সারা দেশে প্রভাব, আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না,

ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপি বা অনিয়ম ধরা পড়লে তা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। সোমবার এই কড়া বার্তা দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আরও জানিয়েছে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় শুধু বিহারের জন্যই নয়, বরং সারা দেশের জন্য কার্যকর হবে।
আধার এবং ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
বিহারের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ব্যক্তি পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে, তবে তা শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য। কারণ, আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়, এটি কেবল একটি পরিচয়পত্র। এমনকি বিদেশি নাগরিকদের কাছেও আধার থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না।
মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর
এসআইআর নিয়ে চূড়ান্ত রায় ঘোষণার জন্য ১ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দশেরার কারণে আদালত বন্ধ থাকায়, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ অক্টোবর। তবে শীর্ষ আদালত নিশ্চিত করেছে যে, এই বিলম্বের কারণে চূড়ান্ত তালিকা প্রকাশে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ভোটার তালিকায় কোনো বেআইনি কাজ ধরা পড়ে, তাহলে সেই তালিকা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।