ভয়ঙ্কর রাত, মুর্শিদাবাদের অগ্নিকাণ্ডে দুই যমজ সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যমজ শিশু এবং তাদের এক বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা নাগাদ শয়ন শেখ, স্বয়ং শেখ এবং নয়ন শেখ— এই তিন ভাইয়ের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। শয়ন শেখের স্ত্রী তাঁর দুই যমজ পুত্র সাহিল (৯), আদিল (৯) এবং মেয়ে সাজিদাকে (৭) নিয়ে ঘরের ভেতর ঘুমিয়েছিলেন। আগুন লাগার পর তিনি কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে পারলেও তিন শিশু ঘরের ভেতর আটকে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আগুন দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিন শিশুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার ঘটনাস্থলে পৌঁছান। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।