মায়ের হাতেই নির্মম মৃত্যু, বিবাহবহির্ভূত সম্পর্কের বলি ৫ বছরের শিশু, শরীর পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিল যুগল

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নিজের ৫ বছরের কন্যাসন্তানকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পথের কাঁটা হয়ে দাঁড়ানো এই শিশুটিকে মারধর করে, ফুটন্ত জল ঢেলে তার শরীর পুড়িয়ে এরপর জ্যান্ত অবস্থাতেই তুঙ্গভদ্রা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে মা ও তার প্রেমিক।

কর্ণাটকের হাভেরিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, রানাবেন্নুর তালুকের বাসিন্দা জ্যোতি তাঁর স্বামী মঞ্জুনাথ ও দুই সন্তানকে ছেড়ে প্রেমিক আন্নাপ্পার সঙ্গে থাকছিলেন। শুধু ৫ বছরের ছোট মেয়েটিকেই তিনি নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

কেন এই নৃশংসতা?

পুলিশের তদন্তে উঠে এসেছে, জ্যোতি ও আন্নাপ্পার অবৈধ সম্পর্কের কথা প্রতিবেশীদের কাছে বলে দিয়েছিল ওই শিশু। এরপরই শুরু হয় তার উপর অমানবিক অত্যাচার। শিশুটির হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হতো। এরপর তার মুখে ফুটন্ত জল ছুঁড়ে মারা হয়। যন্ত্রণায় কাতরালেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, কারণ তাতে তাদের সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার ভয় ছিল। দগ্ধ অবস্থায় শিশুটিকে দু’দিন ধরে বাড়িতে আটকে রাখা হয়। এরপর গত ২ আগস্ট তাকে জীবিত অবস্থাতেই তুঙ্গভদ্রা নদীতে ফেলে দেয় জ্যোতি ও আন্নাপ্পা।

পুলিশি তৎপরতা

গত ৮ আগস্ট শিশুটির দেহ নদীর তীরে ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপর জ্যোতির স্বামী মঞ্জুনাথ থানায় জ্যোতি ও আন্নাপ্পার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি তেলেঙ্গানাতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানেও এক মা তার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ২ বছরের সন্তানকে খুন করে মাটিতে পুঁতে ফেলেছিল। এই ধরনের ঘটনা সমাজে উদ্বেগ বাড়াচ্ছে।