রাজনৈতিক অস্থিরতা নেপালে, চিন্তায় পশ্চিমবঙ্গে থাকা নেপালি বন্দিরা, উদ্বেগ বাড়ছে জেল কর্তৃপক্ষেরও

নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং জেন-জি আন্দোলনের কারণে সে দেশের সাধারণ মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গের সংশোধনাগারগুলিতে থাকা নেপালি বন্দিরাও গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন।

পশ্চিমবঙ্গে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টি সংশোধনাগারে ১৫ জন নেপালি নাগরিক বন্দি রয়েছেন। এদের মধ্যে অনেকেই বিচারাধীন বা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা খাটছেন। নেপালের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

পরিবারের খবর জানতে মরিয়া বন্দিরা

সংশোধনাগার সূত্রে জানা গেছে, কয়েকজন বন্দি লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে তাদের পরিবারের খবর জানার জন্য আবেদন করেছেন। আগে বন্দিরা চিঠি বা দূতাবাসের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। কিন্তু বর্তমানে সেই যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে বন্দিদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সংশোধনাগার কর্তৃপক্ষও চিন্তিত। রাজ্য কারা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “বন্দিদের পরিবার যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে তাদের মানসিক চাপে পড়া অস্বাভাবিক নয়। নেপালের এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে সমস্যা আরও বাড়তে পারে।”

বন্দিদের মানসিক চাপ কমাতে জেল কর্তৃপক্ষ নিয়মিত তাদের সঙ্গে কথা বলছে। তবে, একজন জেলা সুপারের মতে, “পরিবারের খোঁজ না পেলে তাদের উদ্বেগ দূর করা কঠিন।”