বিশ্বের প্রথম AI মন্ত্রী! দুর্নীতি রোধে যুগান্তকারী পদক্ষেপ নিলো আলবেনিয়া সরকার

দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা নিশ্চিত করতে আলবেনিয়া সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশটি বিশ্বের প্রথম এআই মন্ত্রী হিসেবে ‘ডিয়েলা’-কে নিযুক্ত করেছে। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, ডিয়েলা শারীরিকভাবে উপস্থিত না থাকলেও সরকারের একটি ভার্চুয়াল সদস্য হিসেবে কাজ করবে। এর প্রধান কাজ হবে সরকারি চুক্তিগুলিকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখা এবং সরকারি কাজে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।

‘ডিয়েলা’ নামের এই এআই মন্ত্রীকে প্রথম একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে উপস্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নাগরিকদের সরকারি প্ল্যাটফর্মে ডিজিটাল নথি এবং পরিষেবা পেতে সাহায্য করা। আলবেনিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ইনফরমেশন সোসাইটির ওয়েবসাইট অনুযায়ী, ডিয়েলা তার দায়িত্ব পালনের জন্য সর্বশেষ এআই মডেল ও প্রযুক্তি ব্যবহার করে। এখন পর্যন্ত, ডিয়েলা প্রায় ৩৬,৬০০ ডিজিটাল নথি তৈরি করতে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে ১,০০০ এরও বেশি পরিষেবা সরবরাহ করতে সহায়তা করেছে।

বিশেষজ্ঞদের মতে, আলবেনিয়া মাদক ও অস্ত্র চোরাচালানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও দুর্নীতি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এআই মন্ত্রীর নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এআই মন্ত্রীর নিয়োগ সংবিধানের বিরুদ্ধে কিনা, এমন প্রশ্নে রাষ্ট্রপতি সরাসরি উত্তর দেননি। তবে প্রধানমন্ত্রী রামার সোশ্যালিস্ট পার্টি (Socialist Party) সম্প্রতি চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করেছে এবং দেশটির ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ পাওয়ার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগঠিত অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দেশটির অন্যতম প্রধান চ্যালেঞ্জ।