বান্ধবী নিয়ে শুরু হয় গন্ডগোল, গ্রেফতার হলো সহপাঠী খুনে অভিযুক্ত ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুলছাত্র খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত রানা সিং। শুক্রবার রাতের ভয়াবহ ঘটনার পর থেকে সে ফেরার ছিল। হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত রানা তার পরিবারের সঙ্গে রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছিল। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুনের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে বাগবাজার হাইস্কুলের দুই ছাত্র মনোজিত যাদব ও রানা সিং-এর মধ্যে তুমুল বিবাদ শুরু হয়, যা পরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে গিয়ে ভয়াবহ আকার নেয়। প্রকাশ্য দিবালোকে, ভিড়ে ঠাসা স্টেশনে মনোজিতকে ব্যাগ থেকে ছুরি বের করে একাধিকবার কোপায় রানা। গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে মনোজিত। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনোজিত যাদব বরানগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল এবং বাগবাজার হাইস্কুলের কলা বিভাগের ছাত্র ছিল।
এই ঘটনার পর থেকেই মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কীভাবে একজন স্কুলছাত্র ছুরি নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারলো, তা নিয়ে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিক্ষক দিবসের দিন এক কিশোরীকে নিয়ে কটূক্তির জেরে এই বিবাদের সূত্রপাত। ঘটনার পর মূল অভিযুক্ত রানা পালিয়ে যায় এবং মনোজিতের পরিবার আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যায়। পুলিশ এখন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।