৮৫ মিলিয়ন বছরের পুরোনো ডাইনোসরের ডিম, চীনা বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

চীনের বিজ্ঞানীরা সম্প্রতি একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন। ইউরেনিয়াম-লেড ডেটিং কৌশল ব্যবহার করে তাঁরা প্রায় ৮৫ মিলিয়ন বছর পুরোনো ডাইনোসরের ডিমের বয়স নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কারটি শুধুমাত্র একটি পুরনো জীবাশ্মের বয়স জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ক্রিটেসিয়াস যুগের জলবায়ু পরিবর্তন, ডাইনোসরের বিবর্তন এবং তাদের টিকে থাকার কৌশল সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।

জীবাশ্মের জন্য ‘পারমাণবিক ঘড়ি’

সাধারণত, ডাইনোসরের ডিমের বয়স নির্ধারণ করা অত্যন্ত কঠিন। কারণ এর আশপাশের মাটি বা খনিজ পদার্থ সময়ের সাথে স্থান পরিবর্তন করতে পারে, যার ফলে ফলাফল ভুল হতে পারে। কিন্তু ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্সে প্রকাশিত গবেষণা অনুযায়ী, চীনা বিজ্ঞানীরা কার্বনেট ইউরেনিয়াম-লেড (U-Pb) ডেটিং নামে একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। এটি একটি ‘পারমাণবিক ঘড়ি’র মতো কাজ করে, যা সরাসরি ডিমের খোলসের ইউরেনিয়ামের ক্ষয় ট্র্যাক করে তার সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করে।

এই জীবাশ্মগুলি মধ্য চীনের কিংলংশান ন্যাশনাল ডাইনোসর এগস ফসিল রিজার্ভে পাওয়া গেছে। এই ডিমগুলি ‘প্লাকোলিথাস টিউমিয়াওলিঙ্গেনসিস’ প্রজাতির, যা ক্রিটেসিয়াস যুগের। বিজ্ঞানীরা ডিমের খোলসের একটি অংশে একটি মাইক্রো-লেজার নিক্ষেপ করেন এবং এর ফলে তৈরি হওয়া অ্যারোসল-এ থাকা ইউরেনিয়াম এবং সীসা পরমাণু গণনা করে ডিমগুলির সঠিক বয়স নির্ধারণ করেন।

জলবায়ু পরিবর্তন ও ডাইনোসরের বিলুপ্তি

গবেষকরা মনে করেন, এই ডিমের ছিদ্রযুক্ত গঠনটি সেই সময়ের জলবায়ু পরিবর্তনের সঙ্গে ডাইনোসরদের বিবর্তনীয় অভিযোজনকে প্রতিফলিত করে। ক্রিটেসিয়াস যুগে পৃথিবী শীতল হতে শুরু করে এবং এই সময়কালে নতুন ধরনের ডিমের আবির্ভাব ঘটে। বিজ্ঞানীরা ধারণা করছেন, যে প্রজাতির ডিমের সন্ধান পাওয়া গেছে, সেটি হয়তো জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছিল, যা তাদের বিলুপ্তির অন্যতম কারণ হতে পারে।

এই আবিষ্কারটি বিজ্ঞানীরা আরও বড় পরিসরে কাজে লাগাতে চান। তারা বিভিন্ন শিলাস্তরের নমুনা বিশ্লেষণ করে ডাইনোসরদের স্থানান্তর এবং তাদের জনসংখ্যা কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়েছে, তা খুঁজে বের করার পরিকল্পনা করছেন। এই ধরনের গবেষণা আমাদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে আরও অনেক অজানা তথ্য দেবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।