নেপালে জ্বলানি সংকট, ভারত থেকে তেল সরবরাহ শুরু, তবে যাত্রীদের জন্য বন্ধ পথ

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সরকার পতনের জেরে দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। আন্দোলন ও সহিংসতার কারণে গত তিন দিন ধরে বন্ধ ছিল ভারত থেকে নেপালে তেল পরিবহন। তবে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার শিলিগুড়ি করিডোর দিয়ে আবারও তেল ট্যাঙ্কার পাঠানো শুরু হয়েছে।
জ্বালানি সংকটের কারণ
নেপাল তার জ্বালানির জন্য সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল। বিহারের রাক্সাউল, উত্তরপ্রদেশের গোন্ডা এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে প্রতিদিন নেপালে তেল সরবরাহ করা হয়। কিন্তু গত কয়েক দিনে নেপালে চলা ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও গোলাগুলির কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে নেপালের পেট্রোল পাম্পগুলোতে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেয়। মন্ত্রীরাও প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়।
তিন দিন পর সরবরাহ শুরু
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এবং নেপালে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ায় এবার ভারত থেকে তেল সরবরাহ আবার শুরু হয়েছে। তিন দিনের অবরোধের পর প্রথম ধাপে প্রায় ১৫টি তেল ট্যাঙ্কার নেপালে পাঠানো হয়েছে। এই সরবরাহ কাজ চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (SSB)-এর কড়া নজরদারিতে।
শিলিগুড়ি কাস্টমসের এক কর্মকর্তা জানান, নেপালের ঝাপা অঞ্চলসহ বিভিন্ন এলাকা শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে ৩০টি করে ট্যাঙ্কার সেখানে যায়। গত তিন দিন বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান যে, শুধুমাত্র জ্বালানি ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সাধারণ যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি এখনও মেলেনি। এই পদক্ষেপ নেপালের জ্বালানি সংকট কিছুটা হলেও কমাতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।