দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে শোয়ার ঘর সাজান ফেং শুই মেনে, জেনেনিন বিস্তারিত

সুখী দাম্পত্য জীবনের অনেকটা নির্ভর করে স্বামী-স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতার ওপর, আর এর কেন্দ্রবিন্দু হলো শোয়ার ঘর বা বেডরুম। সম্পর্কের মধ্যে যদি কোনো কারণে উত্তেজনা কমে আসে, তাহলে তা আবার ফিরিয়ে আনতে পারেন বেডরুমকে আকর্ষণীয় ও সুন্দর করে সাজিয়ে। চীনা বাস্তুশাস্ত্র ফেং শুই অনুসারে, শোয়ার ঘরের সাজসজ্জার কিছু নিয়ম মেনে চললে দাম্পত্যের মরা গাঙে বান আসবে সহজেই।

কীভাবে শোয়ার ঘর সাজাবেন?
দক্ষিণ-পশ্চিম দিক: ফেং শুই অনুসারে, দক্ষিণ-পশ্চিম দিকটি ভালোবাসা ও সম্পর্কের দিক। তাই এই কোণটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এখানে গোলাপী বা লাল রঙের কোনও বস্তু রাখলে সম্পর্কের জন্য তা শুভ হয়।

জোড়ায় জিনিস রাখুন: শোয়ার ঘরে সব জিনিস জোড়ায় জোড়ায় রাখা ভালো। যেমন— দুটি বালিশ, দুটি নাইটস্ট্যান্ড, দুটি শো-পিস, বা দুটি লাভ বার্ডের মূর্তি। এটি সম্পর্ককে আরও সুসংহত করতে সাহায্য করে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা: বেডরুম যত পরিষ্কার থাকবে, ততই ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র, যেমন— পুরনো কাগজপত্র, ভাঙা জিনিস বা অতিরিক্ত আসবাবপত্র সরিয়ে ফেলুন।

আয়নার সঠিক স্থান: বেডরুমে এমনভাবে আয়না রাখবেন না যাতে বিছানা তাতে সরাসরি দেখা যায়। ফেং শুই অনুযায়ী, এটি সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের প্রভাব আনতে পারে।

ইলেকট্রনিক্স দূরে রাখুন: বেডরুমে টিভি, কম্পিউটার বা মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক্স ডিভাইস কম ব্যবহার করুন। এসব ডিভাইস সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।

গোলাপী ও লাল রঙের ব্যবহার: ভালোবাসা ও রোম্যান্সের প্রতীক হলো গোলাপী রঙ। এই রঙটি কুশন, চাদর বা অন্যান্য ছোটখাটো সাজসজ্জার জিনিসে ব্যবহার করতে পারেন। লাল রঙ ভালোবাসার তীব্রতা বাড়ায়, তবে অতিরিক্ত ব্যবহার সম্পর্ককে উত্তপ্ত করে তুলতে পারে, তাই এটি সীমিত পরিমাণে ব্যবহার করুন।

প্রাকৃতিক উপাদান: ঘরে ইতিবাচক শক্তি আনতে কাঠ বা মাটির তৈরি জিনিস ব্যবহার করতে পারেন। হালকা কাঠের আসবাবপত্র অথবা মাটির পাত্র সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করে।

ফেং শুইয়ের এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনার দাম্পত্য জীবন আরও সুখের হয়ে উঠবে।