লোভনীয় বেতনের টোপ দিয়ে ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ, সতর্কবার্তা জারি করল বিদেশ মন্ত্রক

লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাধ্য করা হচ্ছে। এমন অভিযোগ ওঠার পর এবার বিষয়টি স্বীকার করে ভারতীয়দের সতর্ক করল ভারতের বিদেশ মন্ত্রক।
ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “সম্প্রতি ভারতীয় নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগ করার রিপোর্ট আমরা পেয়েছি। গত এক বছর ধরে বারবার আমরা এই ধরনের কাজের বিপদ ও ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের সাবধান করে আসছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত সরকার এই বিষয়টি নিয়ে নয়া দিল্লি এবং মস্কোয় রাশিয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, যাতে এই প্রক্রিয়া বন্ধ করা হয় এবং ক্ষতিগ্রস্ত ভারতীয়দের অবিলম্বে মুক্তি দেওয়া হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ওই ভারতীয়দের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।
সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র একটি প্রতিবেদন অনুযায়ী, দুই ভারতীয় দাবি করেছেন যে তাঁদের নির্মাণ কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে তাঁদের যুদ্ধের ফ্রন্টলাইনে মোতায়েন করা হয়। তারা জানিয়েছেন, তাদের মতো আরও ১৩ জন ভারতীয় একই পরিস্থিতিতে আছেন। জানা গেছে, তাদের স্টুডেন্ট বা ভিজিটর ভিসায় রাশিয়ায় পাঠানো হয়েছিল।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আবারও সকল ভারতীয় নাগরিককে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে কোনো প্রস্তাব থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি কারণ এটি একটি বিপদজনক পথ।” এই ঘটনাটি ভারতের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।