“শান্তি না ফেরা পর্যন্ত আছি…”-নেপাল নিয়ে উদ্বেগের মধ্যেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে জেন জির আন্দোলনে উত্তাল পরিস্থিতি, যার জেরে দেশটির প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে নেপালে আটকে থাকা পশ্চিমবঙ্গের পর্যটকদের দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পর্যটকদের ধৈর্য ধরতে এবং তাড়াহুড়ো না করে নিজেদের বিপদ না ডাকার পরামর্শ দিয়েছেন।
উত্তরবঙ্গে এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “অনেক পর্যটক নেপালে গিয়েছেন। আপনারা অপেক্ষা করুন। আস্তে আস্তে সবাইকে ফিরিয়ে আনব।”
মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছানোর পর থেকেই মুখ্যমন্ত্রী নেপালের পরিস্থিতি নিয়ে তৎপর হয়ে ওঠেন। তিনি সারারাত ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয়ে থেকে রাজ্য ও নেপালের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা নির্দেশনা দেন। তার নির্দেশে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা নিয়ে এসএসবি (SSB) কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশে ভারত-নেপাল সীমান্ত থাকায় মুখ্যমন্ত্রী পুলিশ ও এসএসবিকে বাড়তি নজর রাখতে বলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন এবং শান্তি ফিরে না আসা পর্যন্ত শিলিগুড়িতে থাকতে পারেন। তিনি বলেন, “পরিস্থিতি একটু শান্ত হলে আমরা আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনব। আপনাদের অনুরোধ করছি, তাড়াহুড়ো করে কোনো বিপদে পড়বেন না।”
পর্যটকদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পর্যটকদের উদ্দেশ্য করে বলেন, “যেই শুনেছি নেপালে সমস্যা চলছে, তখনই আমি চলে এসেছি। আমরা পরিস্থিতি দেখছি। রাজ্য সরকার থেকে আমরা বিষয়টি দেখছি। এক-দু’দিন অপেক্ষা করুন। ধীরে ধীরে আপনাদের ফিরিয়ে আনব। চিন্তা করবেন না।”