সরকারি কর্মীদের পুজোর আগেই আরও একটি ছুটি, বড় ঘোষণা করলেন মমতা

রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি ছুটির দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি থাকবে। বুধবার জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিযায়ী শ্রমিকদের সম্মানে এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি থাকবে। আমরা চাই আমাদের শ্রমিকরা ভালোভাবে পুজো করুক, তারা ছুটিটা পাক।”
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও সরব হয়েছিলেন। এবার তাদের সম্মান জানাতেই তিনি এই ছুটির ঘোষণা করলেন, যা সরকারি কর্মীদের জন্য পুজোর আগে বাড়তি আনন্দের খবর।
দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড তৈরির নির্দেশ
উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন। তিনি জেলাশাসককে নির্দেশ দেন, যাদের আধার কার্ড নেই, তাদের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে আধার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, “দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করে দিতে বলব জেলাশাসককে। নাহলে সমস্যা হবে।”
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।