বড়সড় সাফল্য কুলগামে, এনকাউন্টারে খতম ২ জঙ্গি! শহীদ ২ সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীর পুলিশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে আবারও সাফল্য পেয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে দুই জঙ্গি। তবে এই দুঃসংবাদে মন ভারাক্রান্ত। কারণ, জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন দুই ভারতীয় সেনা জওয়ান।
নিহত দুই জওয়ানের নাম – সুবেদার পি গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধু।
পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে একটি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকাটি চারিদিক থেকে ঘিরে ফেলে। এরপরই জঙ্গিরা অতর্কিতে বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে।
নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।
এখনও পর্যন্ত ২ জন জঙ্গি নিহঁত হয়েছে এবং ২ জন জওয়ান শহীদ হয়েছেন। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং বাকি জঙ্গিদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে।