পুজোর আগেই সুখবর! শিয়ালদহ ডিভিশনে বিশেষ ঘোষণা, ভিড় এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

আর ক’দিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময়ে ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। এই ভিড় সামলাতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই নতুন নিয়মগুলো কার্যকর থাকবে।

কী কী বিশেষ ব্যবস্থা থাকছে?
সব স্টেশনে ট্রেন থামবে: পুজোর এই ক’দিন শিয়ালদহ ডিভিশনের কোনো লোকাল ট্রেন ‘গ্যালপিং’ হবে না। অর্থাৎ, সব লোকাল ট্রেন প্রতিটি স্টেশনে থামবে।

অতিরিক্ত টিকিট কাউন্টার: শিয়ালদহ স্টেশনের ২১টি টিকিট কাউন্টারই খোলা থাকবে। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য আরও ১০টি মোবাইল ইউটিএস এবং ১৭টি এটিভিএম (ATVM) চালু থাকবে। টিকিট কাটতে যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়, সে জন্য অতিরিক্ত বুকিং ক্লার্কও নিয়োগ করা হবে।

ট্রেন চলাচলের সময় বৃদ্ধি: যাত্রীদের সুবিধার জন্য পুজোর দিনগুলিতে ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হবে।

পার্কিং ও ট্রলি ব্যবহারে নিষেধাজ্ঞা: ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ রেল স্টেশনের বাইরে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে, বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্টেশন চত্বরে কোনো ট্রলি চলাচল করবে না। এতে যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং ভিড়ও কমবে।

প্ল্যাটফর্ম নির্ধারণ: মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই ক’দিন ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে সব দূরপাল্লার ট্রেন আসা-যাওয়া করবে।

এই পদক্ষেপগুলির ফলে আশা করা যায়, এবার পুজোয় শিয়ালদহ স্টেশনে যাত্রীরা আরও নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।