চলন্ত ট্রেনে প্রসূতির সন্তান প্রসব করালেন মেডিকেল ছাত্রী, সকলে করলো প্রশংসা

চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বা এক নারীর হঠাৎ শুরু হয় অসহ্য প্রসব যন্ত্রণা। এ পরিস্থিতিতে তাৎক্ষণিক অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতাল নেয়া সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন একই ট্রেনে আসা এক মেডিকেল শিক্ষার্থী। ট্রেনের ভেতরেই ওই নারীর সন্তান প্রসব করেন তিনি।
মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের আনকাপল্লিতে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা ওই নারী অন্ধ্রপ্রদেশের সেকেন্দরাবাদ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। ভ্রমণের সময় আচমকা তার প্রসব যন্ত্রণা ওঠে। চলন্ত ট্রেনে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না পরিবারের লোকজন। এই অবস্থায় তার সাহায্যে এগিয়ে আসলেন মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী ওই তরুণী।

আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা নারী সেকন্দরাবাদ দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন। তার সঙ্গে ছিলেন অন্য আত্মীয়রা। আনকাপল্লি স্টেশন পার হওয়ার সময় প্রসববেদনা শুরু হয় ওই নারীর।

একপর্যায়ে ওই তরুণীর প্রচেষ্টায় চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দেন ওই নারী। এতে হাঁফ ছেড়ে বাঁচেন তার পরিবারের লোক জন। ওই তরুণীর প্রশংসা করেন তারা। সহযাত্রীরাও ওই মেডিকেল শিক্ষার্থীকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, ২৩ বছর বয়সী ওই মেডিকেল শিক্ষার্থীর নাম সাথী রেড্ডি। তিনি একটি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী। কোনো ধরনের চিকিৎসার সরঞ্জাম ছাড়াই যে সাহসের সঙ্গে তিনি অন্তঃসত্ত্বাকে সাহায্য করেছেন, তাতে তাকে ধন্যবাদ জানিয়েছেন রেলের কর্মকর্তারাও।

এদিকে নবজাতক সন্তান এবং প্রসূতি মা দু’জনেই সুস্থ আছেন। সাহসী এই মেডিকেল শিক্ষার্থী জানান, তিনি শুধু নিজের দায়িত্বটুকু পালন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *