I-Phone: আইফোন ১৫ এবার আসবে নতুন নামে, থাকবে বিশেষ কিছু ফিচার

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এরই মধ্যে আইফোন ১৪ সিরিজ উন্মোচন করেছে। এ নিয়ে আলোচনা ও সমালোচনারও কমতি নেই। তবে উন্মোচনের সপ্তাহখানেক না যেতেই আলোচনা শুরু হয়েছে কেমন হবে আইফোন ১৫।
শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে নামকরণে পরিবর্তন আসতে পারে। জনপ্রিয় দুজন অ্যাপল বিশ্লেষক জানিয়েছেন, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর পরিবর্তে আইফোন ১৫ আল্ট্রা নামে বাজারে আসতে পারে।
অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান পরবর্তী আইফোন সম্পর্কে বলেন, অ্যাপল খুব সম্ভবত তাদের পরবর্তী প্রজন্মের টপ-এন্ড মডেলের নাম ‘প্রো ম্যাক্স’ থেকে ‘আল্ট্রা’ করতে চলেছে। বিষয়টি অ্যাপলের জন্য অনেকটা সহজ হবে। কারণ, এম১ প্রো, এম১ ম্যাক্স, এবং এম১ আল্ট্রা ম্যাক চিপগুলো ব্যবহারের ফলে অ্যাপলের নতুন নামকরণের সঙ্গে আরো ভালোভাবে মিলে যাবে।
আরেক বিশিষ্ট অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও টুইট করে বলেন, আইফোন ১৫ প্রো এবং ১৫ আল্ট্রা মডেলের মধ্যে পার্থক্য তৈরি করবে প্রো শিপমেন্ট বরাদ্দ। এছাড়া অ্যাপলকে এক ধাপ এগিয়ে রাখবে পরবর্তী আইফোন ১৫ আল্ট্রা। পাশাপাশি বিক্রি বাড়াতে সাহায্য করবে।
আইফোন ১৪ সিরিজের উন্মোচনের দিন অ্যাপল প্রধান টিম কুক তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন, অ্যাপলের পরবর্তী আইফোন ১৫ সিরিজে এক্সক্লুসিভ ফিচার থাকবে।