বাদুড়ঝোলা-ঘামেভেজা যাত্রা অতীত, সমস্ত কোচই AC! জেনেনিন ভাড়া কত?

‘বনগাঁ লোকাল’ বললেই এক সময় যে ভিড়, গরম আর ঘামের ছবিটা মনে আসত, তা এবার অতীত হতে চলেছে। শুক্রবার থেকে শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে চালু হয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (AC) লোকাল ট্রেন। নতুন এই ট্রেন পরিষেবা যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই দুই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে মোট চারটি এসি লোকাল চলবে।
শুক্রবার সকালে বনগাঁ স্টেশন থেকে প্রথম এসি লোকালের চাকা গড়ায় শিয়ালদহের দিকে। এই “ঐতিহাসিক মুহূর্তের” সাক্ষী থাকতে বহু যাত্রী ভিড় জমান। প্রতিটি কামরা ঝাঁ চকচকে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। বারাসত থেকে শিয়ালদহগামী সোহন মণ্ডল বলেন, “৬০ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, ভাবছিলাম পয়সা উসুল হবে তো? কিন্তু যাত্রাটা সত্যিই উপভোগ করলাম।” কৃষ্ণনগর থেকে বনগাঁয় বাপের বাড়ি যাচ্ছিলেন চম্পা নন্দী। তাঁর মেয়ে এসি ট্রেনে চড়তে চাওয়ায় ৮৫ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি।
প্রথম দিনের যাত্রীরা এই নতুন পরিষেবা পেয়ে খুশি হলেও, নিত্যযাত্রীদের একাংশ ভাড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রতিদিন এত টাকা খরচ করে যাতায়াত করা প্রায় অসম্ভব। ফলে এই সুবিধা থাকলেও, তা কতটা ব্যবহার করা যাবে তা নিয়ে অনেকেই সন্দিহান।
এসি লোকালের ভাড়ার তালিকা
১) শিয়ালদহ – বনগাঁ লাইনের ভাড়ার তালিকা (ভায়া বারাসত):
- শিয়ালদহ থেকে মধ্যমগ্রাম, বারাসত: ৬০ টাকা
- শিয়ালদহ থেকে দত্তপুকুর: ৮৫ টাকা
- শিয়ালদহ থেকে হাবরা: ৯০ টাকা
- শিয়ালদহ থেকে গোবরডাঙা, ঠাকুরনগর: ১০৫ টাকা
- শিয়ালদহ থেকে বনগাঁ: ১২০ টাকা
- শিয়ালদহ থেকে মাঝেরগ্রাম: ১৩০ টাকা
- শিয়ালদহ থেকে রানাঘাট: ১৫০ টাকা
২) শিয়ালদহ – কৃষ্ণনগর লাইনের ভাড়ার তালিকা (ভায়া রানাঘাট):
- শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর: ৬০ টাকা
- শিয়ালদহ থেকে শ্যামনগর: ৮৫ টাকা
- শিয়ালদহ থেকে নৈহাটি: ৯০ টাকা
- শিয়ালদহ থেকে কাঁচরাপাড়া, কল্যাণী: ৯৫ টাকা
- শিয়ালদহ থেকে চাকদহ: ১০৫ টাকা
- শিয়ালদহ থেকে রানাঘাট: ১২০ টাকা
- শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন: ১৪০ টাকা
নোট: শিয়ালদহ থেকে বিধাননগর রোড ও দমদম পর্যন্ত সকল স্টেশনের ভাড়া ৩৫ টাকা ধার্য করা হয়েছে।