ইসরায়েলে বিক্ষোভের আগুন, পণবন্দিদের মুক্তি চেয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব সাধারণ মানুষ

গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে এবং পণবন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার এই বিক্ষোভের ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কিছু মন্ত্রী বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং হামাসের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানাচ্ছে।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন পণবন্দিদের পরিবার ও যুদ্ধবিরোধীরা। তাদের মতে, যদি পণবন্দিদের উদ্ধার করা না যায়, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থহীন। হামাসের কাছে এখনো ৪৮ জন ইসরায়েলি নাগরিক পণবন্দি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন বলে মনে করা হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে পণবন্দিদের উদ্ধার না করে বরং তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ করছেন।

জেরুসালেমে জাতীয় গ্রন্থাগারের সামনে বিশাল ব্যানারে নেতানিয়াহুর ছবি দিয়ে লেখা হয়েছে, “আপনি পণবন্দিদের উদ্ধারের চেষ্টা করেননি, তাদের খুন করেছেন।” এছাড়া, নেতানিয়াহুর বাসভবনের সামনে আবর্জনার পাত্র ও টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়, যা দ্রুত কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। ইসরায়েলি পার্লামেন্টের সামনের রাস্তাও অবরোধ করা হয়েছে।

বিক্ষোভের তীব্রতার পর ইসরায়েলের কিছু মন্ত্রী কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অতি-দক্ষিণপন্থী প্রতিরক্ষা মন্ত্রী ইটামার বেন গাভির এক্স হ্যান্ডলে লিখেছেন, “বিক্ষোভকারীদের আগুন আসলে সন্ত্রাসের আগুন।” তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারার বিরুদ্ধে বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগও করেছেন।

নেতানিয়াহুর লিকুদ দলের সদস্য ইয়ারিভ লেভিনও এই বিক্ষোভকে ‘সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন। সংস্কৃতি মন্ত্রী মিকি জোহারও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েল আইনের দেশ। এখানে নৈরাজ্যের কোনো জায়গা নেই।”

লেবাননে শান্তি বাহিনীর ওপর হামলার অভিযোগ
এরই মধ্যে মঙ্গলবার লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর ইসরায়েলের একটি সামরিক ড্রোন চারটি গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে রাস্তা অবরোধ সরাচ্ছিল তাদের বাহিনী, তখনই এই হামলা ঘটে। ইসরায়েলি প্রশাসন অবশ্য জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।