SSC-র অযোগ্যদের মামলা খারিজ হাইকোর্টে, ‘দাগিদের কেন অ্যাডমিট কার্ড দিলেন?’, SSC-কে ভর্ৎসনা বিচারপতির

এসএসসি-তে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের করা আবেদন ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের রায়ই বহাল রেখেছে। শুনানির সময় আদালত এসএসসি-কে তীব্র ভর্ৎসনা করে।
আদালত এসএসসি-র আইনজীবীর কাছে জানতে চায়, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিতে বারণ করার পরও কীভাবে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো?
বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, “আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না? কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? এত ছেলেমেয়ের চাকরি যাচ্ছে, আর আপনারা এত গুরুতর ভুল করছেন।”
এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, এত লক্ষ আবেদনকারীর মধ্যে অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি, তাই ভুল করে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এরপর তিনি বলেন, “তাহলে সব দাগিদের পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিন।”
এই মন্তব্যে বিচারপতি বলেন, “এই মামলায় তাহলে আমরা রেকর্ড করছি যে এসএসসির সম্মতি নিয়ে আমরা তাদের পরীক্ষায় বসতে দিচ্ছি?” জবাবে আইনজীবী জানান, তাদের সম্মতি নেই। এরপর ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের আইনজীবীদের আবেদনও খারিজ করে দেয় এবং জানায় যে, যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে, তাই এই বিষয়ে নতুন করে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়।
অবশেষে, আদালত ৩৫০টি আবেদন খারিজ করে দেয়, তবে বাকি তিনটি নতুন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায়।