রাজামৌলির ফ্রেমে ঝড় তুলবেন প্রিয়াঙ্কা, ছবির বাজেট কত জানেন? জানলে চক্ষু চড়ক গাছ হবে আপনার

পরিচালক এস. এস. রাজামৌলি আবারও তার নতুন প্রজেক্ট দিয়ে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছেন। এবার তিনি তৈরি করছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি— ‘SSMB 29’। মহেশ বাবুকে নিয়ে তৈরি এই সিনেমায় আরও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবির বিশাল বাজেট এবং আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনা এটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টে পরিণত করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ছবির বাজেট ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এটি ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে। ছবিটি শুধু ভারতেই নয়, ১২০টিরও বেশি দেশে মুক্তি পাওয়ার কথা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

পরিচালক রাজামৌলি জানিয়েছেন, ছবিটি দুই পর্বে নয়, বরং একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে আসবে, যার সম্ভাব্য দৈর্ঘ্য হতে পারে প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট।

ছবির মহরত পূজা চলতি বছরের জানুয়ারি মাসে হয়েছিল এবং শুটিং শুরু হয়েছে এপ্রিল থেকে। এখন পর্যন্ত ওড়িশা, হায়দ্রাবাদ এবং কেনিয়ার মনোরম স্থানগুলোতে এর শুটিং হয়েছে। কেনিয়ার মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু এবং কিলিমাঞ্জারোর মতো স্থানে বড় একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে। কেনিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এই শুটিংয়ের প্রশংসা করেছেন।

সম্প্রতি মহেশ বাবুর জন্মদিনে ছবির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। রাজামৌলি জানিয়েছেন, ছবির নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নভেম্বর মাসে প্রকাশ করা হবে। তবে এই ছবিটি দেখতে দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে, কারণ এটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।