এসএসসি যোগ্য-অযোগ্য বিতর্ক! ‘তারা কিছুতেই পরীক্ষায় বসতে পারবে না’ অযোগ্যদের আবেদন খারিজ করে ধমক সুপ্রিম কোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের আবারও ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় অনুযায়ী চাকরি বাতিল হওয়া সত্ত্বেও, পরীক্ষায় বসার সুযোগ চেয়ে একদল অযোগ্য প্রার্থী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের রায় বুঝতে কি অসুবিধা হচ্ছে? অযোগ্যদের জন্য অনেক জীবন নষ্ট হয়েছে।” একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অযোগ্যদের কোনোভাবেই আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের সামনে যখন অযোগ্যদের আবেদনটি আসে, তখন বিচারপতিরা কড়া ভাষায় বলেন যে তাঁদের রায়ের মর্মার্থ বোঝা যেন কঠিন নয়। বিচারপতিরা এও প্রশ্ন তোলেন, ‘দাগিদের হেফাজতে নিয়ে জেরা করা হয়নি কেন?’

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ৭ ও ১৪ তারিখ যে নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে, তাতে প্রকাশিত তালিকায় থাকা কোনো অযোগ্য প্রার্থী তো নয়ই, এমনকি তালিকার বাইরে থাকা কোনো অযোগ্যও পরীক্ষায় বসতে পারবে না। একই সঙ্গে আদালত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে (SSC) এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে।

গত শনিবার SSC তাদের ওয়েবসাইটে অযোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। এরপরই চাকরি বাতিল হওয়া সত্ত্বেও কিছু প্রার্থী আবারও আদালতে আবেদন করেন, যাতে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। এই পদক্ষেপের জন্যই আদালত তাদের কড়া ভাষায় ভর্ৎসনা করে এবং তাদের আবেদন খারিজ করে দেয়।