চিকিৎসা খরচে স্বস্তি, দাম কমছে যেসব ওষুধ ও মেডিকেল ডিভাইসের? একনজরে দেখেনিন তালিকা

আসন্ন উৎসবের মরশুমের আগে সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। বুধবার জিএসটি (GST) কাউন্সিলের বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর থেকে কর কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই নতুন কাঠামো অনুযায়ী, ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

সরকার চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর ফলে বহু জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম অনেকটাই কমবে।

জীবনরক্ষাকারী ওষুধ: বিরল রোগ ও ক্যান্সারের মতো গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত ৩৩টি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। এর ফলে এই ওষুধগুলোর দাম উল্লেখযোগ্যভাবে কমবে। তালিকায় রয়েছে: Onasemnogene abeparvovec, Asciminib, Daratumumab, Alectinib, Risdiplam, এবং Imiglucerase সহ আরও অনেক ওষুধ।

অন্যান্য ওষুধ: অনেক গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। Fluticasone Furoate, Brentuximab Vedotin, এবং Ocrelizumab-এর মতো ওষুধগুলো এখন আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

চিকিৎসা সামগ্রী: শুধু ওষুধই নয়, চিকিৎসা সরঞ্জামের উপর থেকেও কর কমানো হয়েছে। ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, গজ, ব্যান্ডেজ, প্লাস্টার এবং অন্যান্য সার্জিক্যাল সামগ্রীর উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে রোগী, হাসপাতাল, এবং ডায়াগনস্টিক সেন্টার সবারই খরচ কমবে। এতদিন ধরে অনেক রোগীর জন্য ক্যান্সার এবং বিরল রোগের চিকিৎসা ব্যয়বহুল ছিল, যার কারণে অনেকে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হতেন। নতুন কর ছাড়ের ফলে চিকিৎসার খরচ কমবে এবং সাধারণ মানুষ আরও সহজে চিকিৎসা নিতে পারবেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে সবার জন্য সহজলভ্য করে তোলা। আয়ুষ্মান ভারত-এর মতো উদ্যোগের পাশাপাশি এই কর ছাড় স্বাস্থ্যখাতকে এক নতুন গতি দেবে।