GST কমাল কেন্দ্র, রাজ্যগুলিকে কত ক্ষতির মুখে পড়তে হবে? নির্মলা সীতারামন যা জানালেন…

কেন্দ্রীয় সরকার জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন আনার পর থেকেই রাজ্যের রাজস্ব ক্ষতির আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বুধবারের জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জিএসটি কমার ফলে রাজ্যগুলোর রাজস্বে কোনো বড় ধরনের ক্ষতি হবে না, বরং আখেরে সবারই লাভ হবে।

নির্মলা সীতারামন বলেন, “রাজ্য এবং কেন্দ্র একই টেবিলে বসে রয়েছে। এমন নয় যে রাজ্যের ক্ষতি হলে কেন্দ্রের লাভ হবে। যদি রাজ্যের রাজস্ব ক্ষতি হয়, তাহলে কেন্দ্রের রাজস্বও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি জানান, জিএসটি একটি ৫০-৫০ অংশীদারিত্বের ব্যবস্থা। যদি করের হার কমে, তাহলে এর প্রভাব উভয় পক্ষের ওপরই পড়বে।

রাজস্ব সচিব অরবিন্দ শ্রীবাস্তব এই বিষয়ে আরও ব্যাখ্যা দিয়ে বলেন, “রাজস্ব ক্ষতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এটা বুঝতে হবে যে কর কাঠামো একটি সংস্কারের বিষয়। বাজারের গতিশীলতা পরিবর্তনশীল। জিএসটি সংস্কারের ফলে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বৈঠকে মদ, পেট্রোল ও রিয়েল এস্টেটের উপর আলাদাভাবে জিএসটি বসানোর জন্য ৮টি রাজ্যের আবেদনের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, জিএসটি সংস্কারের কাজ গত দেড় বছর ধরে চলছে এবং এর সঙ্গে আমেরিকার শুল্ক বা অন্য কোনো আন্তর্জাতিক ঘটনার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছিলেন, এই পরিবর্তনে তার রাজ্যের ১৫ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে কেন্দ্র সরকারের এই নতুন ঘোষণা রাজ্যগুলোর সেই উদ্বেগ কিছুটা হলেও কমাতে পারে।