ট্রাম্পের ‘শুল্কবোমা’র পাল্টা জবাব দিল ভারত, জিএসটি সংস্কারে চাঙ্গা শেয়ার বাজার!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। কেন্দ্রীয় সরকারের নতুন ‘নেক্সট জেনারেশন জিএসটি’ কাঠামো ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার বাজার খুলতেই সূচকে রীতিমতো ঝড় ওঠে, যা গত কয়েক দিনে হারানো পুঁজি ফিরিয়ে আনছে।
বৃহস্পতিবার সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট লাফিয়ে ৮১,০০০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়। একইভাবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ১৫৬ পয়েন্ট বেড়ে ২৪,৮৭০ পয়েন্টের কাছাকাছি ঘোরাফেরা করছে। ১৬টি গুরুত্বপূর্ণ খাতের অধিকাংশই এখন লাভের ধারায় চলছে। এর আগে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ১০ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল। জিএসটি সংস্কারের এই ঘোষণা সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সাহায্য করবে।
বিশ্লেষকদের মতে, মোদি সরকারের এই জিএসটি সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো দেশের বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি করা এবং আমেরিকার ‘শুল্কবোমা’র প্রভাব মোকাবিলা করা। পণ্যের দাম কমলে মধ্যবিত্তদের হাতে সঞ্চয় বাড়বে, যা শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণও বাড়াতে পারে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নতুন জিএসটি কাঠামোতে বেশিরভাগ খাদ্যপণ্য, স্বাস্থ্যবিমা, জীবনবিমা, এবং ৩৩টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এছাড়াও, রুটি, দুধ, মাখন, ঘি, নুডলস, চানাচুর, বিস্কুট, সাবান, শ্যাম্পু, এবং একাধিক কৃষিজাত পণ্যের ওপর জিএসটি ১৮ ও ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের স্বস্তি আনবে।