নিজের সন্তানকে অ্যাসিড খাইয়ে ‘খুনের চেষ্টা’ মায়ের, শুনে অবাক বনগাঁবাসী! তদন্তে নামল পুলিশ

‘কুপুত্র যদিবা হয় কুমাতা কখনও হয় না’—এই আপ্তবাক্যকে যেন মিথ্যা প্রমাণ করল বনগাঁর এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক অশান্তির জেরে নিজের এক বছর বয়সী সন্তানকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নকপুল কাটাবাগান এলাকায়।
অভিযুক্ত ওই মায়ের নাম তপতী বাড়ুই। স্থানীয় সূত্র অনুযায়ী, তার স্বামী অমিতেষ বাড়ুই কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। অভিযোগ, তপতী পারিবারিক অশান্তির জেরে নিজের এক বছর এক মাসের শিশুটিকে অ্যাসিড খাইয়ে দেন এবং নিজেও অ্যাসিড পান করেন।
প্রতিবেশীরা তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় তপতী বাড়ুইয়ের বিরুদ্ধে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, পারিবারিক অশান্তিই এই ঘটনার মূল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে।