কথা রাখলেন মোদী, GST-তে ‘আগামী প্রজন্মের পরিবর্তন’, প্রধানমন্ত্রীর প্রশংসায় সরগরম সোশ্যাল মিডিয়া

স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে দীপাবলির আগেই বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। জিএসটির দুটি স্ল্যাব, ১২ শতাংশ ও ২৮ শতাংশ, তুলে দেওয়া হলো। এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশের দুটি স্ল্যাব কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ‘নেক্সট জেনারেশন জিএসটি’ এবং ‘বিরাট পরিবর্তন’ বলে উল্লেখ করেছেন।

জিএসটি কাউন্সিলের ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমার স্বাধীনতা দিবসের ভাষণে আমি বলেছিলাম যে আমাদের লক্ষ্য হল জিএসটিতে পরবর্তী প্রজন্মের পরিবর্তন আনা। কেন্দ্রীয় সরকার একটি বিস্তারিত জিএসটি হার বিভাজন ও প্রক্রিয়া সংস্কারের প্রস্তাবনা এনেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা সম্মিলিতভাবে একমত হয়েছেন, এবং এর ফলে সাধারণ মানুষ, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত, নারী ও যুব প্রজন্ম বিশেষভাবে উপকৃত হবে। এই বিশাল পরিবর্তন নাগরিকদের জীবনযাত্রা উন্নত করবে এবং ছোট ব্যবসায়ী ও বিক্রেতাদের জন্য ব্যবসা করা আরও সুবিধাজনক করে তুলবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বুধবার (৩ সেপ্টেম্বর) এই বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন। এর ফলে ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাবে থাকা পণ্য যেমন—টিভি, ফ্রিজ, বাইক এবং গাড়ি, ইত্যাদির দাম উল্লেখযোগ্যভাবে কমবে। এমনকি, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়াম থেকেও জিএসটি তুলে নেওয়া হয়েছে। নতুন এই জিএসটি হার আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। মোদি সরকারের এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে এক নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।