৮ বছরের মেয়ে পেলো পুলিশে চাকরি, জেনেনিন প্রতিমাসে কত মিলবে বেতন?

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক হৃদয়বিদারক ঘটনার পর মানবিকতার এক অসাধারণ উদাহরণ তৈরি হলো। মাত্র ৮ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রী চাকরি পেয়েছে পুলিশ বিভাগে। তার বাবা পুলিশ বিভাগে হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন, যিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর, মেয়েটি তার পদে চাকরির জন্য আবেদন করে। এরপর এক মুহূর্ত দেরি না করে, মাত্র ২৫ মিনিটের মধ্যেই আবেদন গ্রহণ করে এসপি তাকে চাকরি দিলেন।
মহাকাল থানায় কর্মরত হেড কনস্টেবল দেবেন্দ্র সিং রঘুবংশী, যার সার্ভিস নম্বর ছিল ৯৮৮, গত ১৭ মে, ২০২৫ তারিখে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অকাল মৃত্যুর পর, তার ৮ বছর বয়সী মেয়ে ইচ্ছা রঘুবংশী এবং পরিবারের সদস্যরা উজ্জয়িনীর এসপি প্রদীপ শর্মার সাথে দেখা করেন। তারা ইচ্ছা রঘুবংশীকে ‘বালরক্ষক’ হিসেবে নিয়োগের জন্য আবেদন জানান। এসপি প্রদীপ শর্মা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মাত্র ২৫ মিনিটের মধ্যে সেই আবেদন গ্রহণ করেন এবং ইচ্ছাকে ‘বালরক্ষক’ হিসেবে নিয়োগের চিঠি দেন।
ইচ্ছা রঘুবংশী তার প্রয়াত বাবার একমাত্র সন্তান। নিয়ম অনুযায়ী, কোনো পুলিশ সদস্যের অকাল মৃত্যু হলে পরিবারের আর্থিক সহায়তার জন্য নাবালক সন্তানদের ‘বালরক্ষক’ হিসেবে নিয়োগ করা হয়। এর ফলে তারা ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনার পাশাপাশি বিভাগে ছোটখাটো কাজ করতে পারে। এতে করে তারা পুলিশি শৃঙ্খলার সঙ্গেও পরিচিত হয়। ১৮ বছর বয়স পূর্ণ হলে তাদের স্থায়ী চাকরি শুরু হয়।
এসপি প্রদীপ শর্মা বলেন, “এই ধরনের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করাই আমার লক্ষ্য। ইচ্ছার আগে আরও কয়েকজনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো, পরিবারটি যাতে আর্থিক সংকট থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে।”
ইচ্ছা এখন চতুর্থ শ্রেণিতে পড়লেও তার নাম পুলিশ কর্মীদের তালিকায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশি নিয়ম অনুসারে, সে দশম শ্রেণি পাস করলে একজন স্থায়ী কনস্টেবল হতে পারবে। ইচ্ছা প্রতি মাসে একজন নতুন কনস্টেবলের অর্ধেক বেতন অর্থাৎ ১৫,১১৩ টাকা করে পাবে। প্রতি মাসে তাকে একবার থানায় এসে স্বাক্ষর করতে হবে এবং তার পড়াশোনা সম্পর্কিত তথ্যও নেওয়া হবে। ১০ বছর পর, অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে এবং দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেই সে স্থায়ী কনস্টেবল হিসেবে যোগ দিতে পারবে। ততদিন পর্যন্ত ইচ্ছার মা তার বাবার পেনশন পেতে থাকবেন।