অবশেষে জামিন! মুক্তি পাচ্ছেন পার্থ, এক রায়েই চমকে দিল আদালত, রইল পুরো ঘটনা

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন বছর ধরে জেলে থাকার পর সিবিআই-এর দায়ের করা মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। এই প্রথম নিম্ন আদালত থেকে জামিন পেলেন পার্থ।

৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে। যদিও এই মুহূর্তে তাঁর জেলমুক্তি হচ্ছে না, কারণ অন্য মামলায় তিনি এখনও বিচারাধীন। এর আগে গ্রুপ সি (Group C) নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেও সেই সময় অন্য মামলার কারণে তাঁর মুক্তি আটকে ছিল।

২০২২ সালে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার হওয়ার পর এই মামলা আরও জটিল হয়। সেই থেকে টানা জেল হেফাজতেই রয়েছেন তিনি।

এদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন জামিন পেলেন, তখন একই মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই আবহে, যখন পুরোনো নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে, ঠিক তখনই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হওয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই জামিন কি অন্য মামলার ভবিষ্যৎকেও প্রভাবিত করবে, এখন সেটাই দেখার।