চুরির অভিযোগে যুবকের গোপনাঙ্গে পেট্রোল ঢেলে ৩দিন ধরে নৃশংস অত্যাচার, বিহারে গা শিউরে ওঠা ঘটনা!

চুরির অভিযোগে এক ব্যক্তিকে দুই দিন ধরে আটকে রেখে পৈশাচিক নির্যাতন চালানোর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে বিহারের ভাগলপুর থেকে। অভিযুক্তরা ওই ব্যক্তির গোপনাঙ্গে সিরিঞ্জ দিয়ে পেট্রোল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় হেডম্যান সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝান্ডাপুর ওপি থানার দয়ালপুর গ্রামে।
ভুক্তভোগী নবীন কুমার অভিযোগ করেছেন যে গত ৩১ আগস্ট তাকে ডেকে দয়ালপুরের বাসিন্দা অজয় সিংয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। অভিযোগে নবীন বলেন, নির্যাতনকারীরা একটি সিরিঞ্জ ব্যবহার করে তার গোপনাঙ্গে পেট্রোল ঢেলে দেয় এবং ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরির কথা স্বীকার করতে বাধ্য করে। যদি সে তা না করে, তাহলে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।
নবীন কুমার বলেন, “প্রথমে আমি চুরি করিনি বলে স্বীকার করছিলাম না। কিন্তু যখন সিরিঞ্জ দিয়ে আমার গোপনাঙ্গে পাঁচবার পেট্রোল ঢালা হলো, তখন আমি বাধ্য হয়ে স্বীকার করি।”
অভিযুক্ত অজয় সিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বাড়ি থেকে টাকা চুরি হয়েছে এবং এর জন্য নবীনই দায়ী। তিনি জানান, পঞ্চায়েতে নবীন দেড় বছরের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছিলেন, কিন্তু এখন টাকা ফেরত না দেওয়ার কারণে এই মিথ্যা অভিযোগ করছেন।
নবগাছিয়ার এসপি প্রেরণা কুমার জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।