ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য…’ ‘একতরফা’ সম্পর্কের অভিযোগ!

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসানোর পর এবার সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, তবে তা দীর্ঘকাল ধরে ‘একতরফা’ ছিল। ট্রাম্পের দাবি, ভারত আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাতো, যা বিশ্বজুড়ে সর্বোচ্চ।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু বিগত অনেক বছর ধরে এই সম্পর্ক একতরফা ছিল। ভারত আমাদের উপর প্রচুর শুল্ক চাপাতো। ওরা আমাদের সাথে ব্যবসা করছিল, কারণ আমরা তাদের পণ্যের ওপর প্রায় কোনো শুল্কই নিচ্ছিলাম না, কিন্তু আমাদের পক্ষে সেখানে কিছু পাঠানো প্রায় অসম্ভব ছিল, কারণ ওরা আমাদের পণ্যে ১০০ শতাংশ শুল্ক নিত।”
হার্লে ডেভিডসন প্রসঙ্গ
ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক নীতির উদাহরণ হিসেবে বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা কোম্পানি হার্লে ডেভিডসন-এর কথা তুলে ধরেন। তিনি বলেন, হার্লে ডেভিডসন ভারতে মোটরবাইক বিক্রি করতে পারতো না, কারণ তাদের উপর ২০০ শতাংশ শুল্ক নেওয়া হতো। এই শুল্ক এড়ানোর জন্যই তারা ভারতে একটি মোটরসাইকেল প্ল্যান্ট তৈরি করে।
তবে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ সঠিক নয়। প্রথমবার ক্ষমতায় আসার পর ট্রাম্প যখন ভারতের শুল্ক নিয়ে আপত্তি তোলেন, তখন ভারত হার্লে ডেভিডসনের মতো বিদেশি বাইকের উপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করে। তা সত্ত্বেও, ভারতে কম চাহিদার কারণে কোম্পানিটি ২০২০ সালে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।