৬০ কোটি টাকার জালিয়াতির মামলা! এবার রেস্তোরাঁ বন্ধের ঘোষণা শিল্পা শেঠির

একের পর এক বিতর্কের মধ্যে এবার মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’-এর বান্দ্রা শাখা বন্ধ করে দেওয়ার ঘোষণা করলেন অভিনেত্রী শিল্পা শেঠি। তার এই আকস্মিক সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে, বিশেষ করে যখন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।

গতকাল, শিল্পা শেঠি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে এই খবরটি জানান। তিনি লেখেন, “এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটছে যখন আমরা মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক – বাস্তিয়ান বান্দ্রাকে বিদায় জানাচ্ছি। এই জায়গাটি আমাদের অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাত এবং মুহূর্ত দিয়েছে।”

তিনি আরও জানান, এই কিংবদন্তি স্থানটিকে সম্মান জানাতে তারা তাদের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষকদের জন্য একটি বিশেষ বিদায়ী সন্ধ্যার আয়োজন করেছেন। শিল্পা আশ্বস্ত করেছেন যে, ‘বাস্তিয়ান’-এর ঐতিহ্য সম্পূর্ণরূপে শেষ হচ্ছে না, বরং এটি ‘বাস্তিয়ান অ্যাট দ্য টপ’-এর মাধ্যমে নতুনভাবে শুরু হবে।

২০১৬ সালে শুরু হওয়া ‘বাস্তিয়ান বান্দ্রা’ শিল্পা শেঠি এবং রঞ্জিত বিন্দ্রার একটি অংশীদারিত্বের প্রকল্প ছিল। এটি তার সামুদ্রিক খাবারের জন্য খুব জনপ্রিয় ছিল। বলিউড তারকা সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালও এখানেই তাদের বিয়ের রিসেপশন আয়োজন করেছিলেন।

উল্লেখ্য, শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে সম্প্রতি ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার কয়েক সপ্তাহ পরই রেস্তোরাঁ বন্ধের এই সিদ্ধান্তটি অনেকের মনেই নতুন করে প্রশ্ন জাগিয়ে তুলেছে।