রেললাইন থেকে B.Sc পাশ যুবকের দেহ উদ্ধার! ইচ্ছা করেই কি আত্মহত্যা? ঘটনা ঘিরে চাঞ্চল্য

পূজার মাসে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল। আসানসোলের পোখরতল্লায় রেললাইন থেকে এক বিএসসি পাশ যুবকের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার কানগোই সংলগ্ন রেললাইনে পঙ্কজ কুমার (২৭) নামের এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিহিজাম নিউ কলোনি পোখরতল্লার বাসিন্দা পঙ্কজ কুমার রামের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। জানা গেছে, ২৭ বছর বয়সী পঙ্কজ বিএসসি পাশ করেও গত তিন বছর ধরে চাকরিহীন ছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। প্রশ্ন উঠেছে, এই মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এটি আত্মহত্যার ঘটনা?

এই ঘটনার পর রেলওয়ে পুলিশ যাত্রীদের কাছে বিশেষ আবেদন জানিয়েছে। পুলিশ বলছে, মানুষ যেন রেললাইন পারাপার করার সময় কোনোভাবেই অন্যমনস্ক না হন। তাছাড়া তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতেও নিষেধ করা হয়েছে, কারণ যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা খতিয়ে দেখছে, পঙ্কজের মৃত্যু একটি দুর্ঘটনা নাকি মানসিক অবসাদের কারণে ঘটে যাওয়া আত্মহত্যা।