কলা বিক্রির আড়ালে ড্রাগ পাচার! সিধেসাধা ফল বিক্রেতার কাণ্ডে অবাক পুলিশও, জানুন কীভাবে চলত এই কারবার?

আপাতদৃষ্টিতে তিনি ছিলেন একজন নিরীহ কলা বিক্রেতা। কিন্তু তার আড়ালেই চলত এক ভয়াবহ অপরাধের কারবার। সম্প্রতি মুম্বই পুলিশ কলা বিক্রির আড়ালে মাদক পাচার করার অভিযোগে ৬০ বছর বয়সী মহম্মদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বান্দ্রা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত, বান্দ্রা রেল স্টেশনের কাছে মহম্মদ আলীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ৯ তার উপর নজরদারি শুরু করে। গত শুক্রবার গভীর রাতে বান্দ্রা বাস ডিপোর কাছে ছদ্মবেশে থাকা পুলিশ কর্মকর্তারা মহম্মদ আলীকে আটক করে। তার গাড়ি তল্লাশি চালিয়ে একটি ধাতব বাক্সে ১৫৩ গ্রাম এমডি ড্রাগভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৫.৩০ লক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদের সময় মহম্মদ আলী স্বীকার করেন, আর্থিক সমস্যার কারণে তিনি এই অন্ধকার জগতে পা বাড়িয়েছেন। তিনি জানান, কলা বিক্রি করে যে সামান্য আয় হতো, তাতে তার সংসার চালানো সম্ভব ছিল না। তাই বাড়তি আয়ের লোভে তিনি মাদক পাচার শুরু করেন।

পুলিশ জানিয়েছে, এনডিপিএস আইনের আওতায় মহম্মদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এখন তার মাদক পাচারের মূল উৎস, এই চক্রে আর কারা জড়িত এবং তার কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড আছে কিনা, সে বিষয়ে তদন্ত করছে।